ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জ্বর-সর্দিসহ প্রচণ্ড শ্বাসকষ্টে মারা গেছেন রাকিব ওরফে হিরু এক ব্যক্তি ।মৃত্যুর পরপরই মরদেহ চাঁদর দিয়ে পেঁচিয়ে ফেলে রাখা হয় রাস্তায়। সারারাত লাশটি রাস্তায়’ই পড়েছিল।
সোমববার দিবাগত রাত ২টায় মারা যান রাকিব ওরফে হিরু ।
জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে পরিবারের লোকজন। কিন্তু রোগীর জ্বর-সর্দি এবং শ্বাসকষ্ট রয়েছে অর্থাৎ তার করোনার উপসর্গ এমনটা জানতে পেরে অ্যাম্বুলেন্স চালকও গাড়ি নিয়ে পালিয়ে যায়।
পরে তাকে আর হাসপাতাল পর্যন্ত নেয়া যায়নি। ডাক্তার, ওষুধ, চিকিৎসার অভাবে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হিরু।
হিরু শহরের দেওভোগ কৃষ্ণচূড়া মোড়ে দেড় বছরের ছেলে ও স্ত্রী নিয়ে বসবাস করতেন। পরিবারের কোনো পুরুষ লোক ছিল না। এলাকাবাসীও এগিয়ে আসেনি। তাই বেওয়ারিশ লাশের মতই হিরুর মরদেহটি রাতভর পড়েছিল রাস্তায়।
এদিকে রাস্তায় লাশ পড়ে থাকার খবরটি জানার পর সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা স্থানীয় থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান তার টিমসহ। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করেন। এই প্যানেল মেয়রের ভাষ্য মতে, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।
















