ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে এক পোশাক কারখানার মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজেএমইএ’র পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
তারা জানায়, প্রিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান তাসলিম আক্তার বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।
কুয়েত মৈত্রী হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন বলেন, ষাটোর্ধ্ব ওই ব্যবসায়ী নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
“তার শারীরিক অবস্থা খারাপ ছিল। ওজন ছিল ১০৪ কেজি। হার্টের প্রবলেম ছিল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ আরও কিছু জটিলতায় ভুগছিলেন তিনি।”
কীভাবে তার দেহে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছিল, তা জানা যায়নি।
বিজেএমইএ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানায়, তার জানাজা সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে আইইডিসিআর এর দেওয়া তথ্যে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন; মৃত্যু হয়েছে ২১ জনের।
















