রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, পাঁচ জন নার্স ও দুই কর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি অপারেশন গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালটি দুপুরে লকডাউন করা হয়েছে। হাসপাতালে বর্তমানে কোনও রোগী নেই। ধারণা করা হচ্ছে জরুরি বিভাগ থেকে আক্রান্ত হয়েছেন তারা।

হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ বলেন, আমাদের জরুরি বিভাগে সর্দি, জ্বর, কাশির রোগীদের চিকিৎসা দেওয়া হতো। সেখানকার দুই জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে নার্স ও কয়েকজন স্টাফের টেস্ট করে তাদেরও পজিটিভ পাওয়া যায়।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা করা হয়, রাতেই আমরা রিপোর্ট পাই। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়। তারা হাসপাতাল লকডাউনের পরামর্শ দেয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হাসপাতাল লকডাউন করা হয়।

পূর্ববর্তি সংবাদআল্লামা আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে আল্লামা বাবুনগরীর দোয়া কামনা
পরবর্তি সংবাদমাওলানা মুজিবর রহমানের ইন্তিকালে দলের আমীর ও মহাসচিবের শোক প্রকাশ