ইসলাম টাইমস ডেস্ক : করোনা সংকট মোকাবিলার দোহাই দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অধিবেশন মুলতুবি করে গুরুত্বপর্ণ পদে পছন্দের প্রার্থী নিয়োগ করার হুমকি দিয়েছেন৷ ফলে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে৷
করোনা সংকটের মোকাবিলা করতে অতীতের মনোমালিন্য ভুলে ঐকমত্য গড়ে তোলার বদলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনো সংকীর্ণ রাজনীতির পথ আঁকড়ে ধরে রয়েছেন বলে সমালোচনার ঝড় উঠছে৷ যুক্তরাষ্ট্রের সংবিধান ও ফেডারেল কাঠামো অবজ্ঞা করে প্রথমে তিনি জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে নিজের ক্ষমতা আরও বাড়াতে চাইছিলেন৷
এবার তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কংগ্রেসের অধিবেশন মুলতবি রাখার হুমকি দিচ্ছেন৷ বুধবার এমন অভূতপূর্ব পদক্ষেপের উল্লেখ করলেন ট্রাম্প৷ করোনা সংকট মোকাবিলার জন্য কিছু জরুরি পদে কর্মকর্তা নিয়োগের পথে কংগ্রেস ‘বাধা’ সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় তিনি বিতর্কিত এই সিদ্ধান্ত নিতে চান৷
















