ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। দেশের নানাবিধ কার্যাদি স্থবির থাকার পাশাপাশি বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। খোলা নেই কওমি মাদরাসাগুলোও।
মাদরাসাগুলো বন্ধ থাকায় এবং সঙ্কটকালীন সময়ে মানুষের অনুদানের পরিমাণ কমে আসায় শিক্ষকদের বেতন এবং সম্মানী নিয়ে দেখা দিয়েছে নানা সঙ্কট, শঙ্কা। এক্ষেত্রে সহযোগীতার ঘোষণা দিয়েছে কওমি মাদরাসা সমূহের বৃহত্তর শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া।
করোনা পরিস্থিতিতে সঙ্কট উত্তরণের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মাদরাসাগুলোতে নির্দিষ্ট হারে সহায়তা করার জন্য কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত আলেমদের সহায়তার জন্য গঠিত কল্যাণ তহবিলে অনুদান প্রদানের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসের চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।
সঙ্কটকালীন সময়ে সহায়তার জন্য জেলা ভিত্তিক অনুসন্ধানী কমিটি গঠনের কথা জানিয়েছেন বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দূস। ইসলাম টাইমসকে তিনি বলেন, করোনায় সঙ্কটে পড়া অস্বচ্ছল আলেমদেরকে বোর্ডের কল্যাণ ফান্ড থেকে সহায়তার করা হবে।
এদিকে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলাম টাইমসকে জানিয়েছেন, ইতোমধ্যে বেফাকের পক্ষ থেকে জেলা ভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এই কমিটি জেলা ও উপজেলা ভিত্তিক প্রয়োজনগ্রস্ত আলেমদের তালিকা করে কেন্দ্রে পাঠালে বোর্ডের পক্ষ থেকে নির্দিষ্ট হারে সহায়তা পাঠানো হবে।
অপরদিকে জেলা পর্যায়ে বিভিন্ন মাদরাসার জন্য প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে দেওয়া বরাদ্দের সাথে বেফাকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।
উল্লেখ্য, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে কওমি মাদরাসায় সরকারি অনুদানের ব্যাপারে একটি খবর প্রকাশিত হয়েছে। এর সাথেও বেফাকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বেফাকের মহাসচিব।
















