ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মক্কার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দুই কিলোমিটার দূরে কুদাই নামক স্থানে ১০০ শয্যার একটি ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরির কাজ সম্পন্ন করতে যাচ্ছে সরকার।
করোনার প্রকোপ থেকে রেহাই পেতে লকডাউনের পরও আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে সৌদিতে। এর মধ্যে পবিত্র মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দার মত ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
মক্কার স্বাস্থ্য বিষয়ক অধিদফতরের প্রধান ওয়ায়েল বিন হামজা জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিতকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রম চালু আছে। এই হাসপাতাল তারই ধারাবাহিকতার অংশবিশেষ। এতে ভেন্টিলেটরসহ চিকিৎসার যাবতীয় সরঞ্জাম ও লোকবল থাকবে। প্রয়োজনে আমরা এ রকম আরও হাসপাতাল তৈরি করব।
করোনার প্রাণহানি ও আক্রান্তদের পরিসংস্থান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদিতে ১ হাজার ৩৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন মোট ৫জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬২ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ১৬৩ জন।
জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। বৈধ-অবৈধ সব নাগরিকের জন্য করোনার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে দেশটির সরকার।
















