কেজিতে ২৫ টাকা করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ইসলাম টাইমস ডেস্ক: ভোক্তা সাধারণের কথা বিবেচনা করে শনিবার থেকে কেজিতে ২৫ টাকা করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিসিবির পেঁয়াজের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে ২৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ দেওয়া হবে যা আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হত। তিনি বলেন, রমজানে যাতে কোনো অবস্থাতে সমস্যা না হয় এ জন্য প্রতিবছর যে পরিমান নিত্যপণ্য মজুত রাখতে হয় এবার তার ১০ গুণ রাখা হয়েছে। এজন্য আমরা করোনা পরিস্থিতিতেও ভাল অবস্থায় আছি।

টিপু মুনশি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে মজুদ আছে তাতে আগামী ৪ মাসে কোনো সমস্যা হবে না। এছাড়া টিসিবিও সে ব্যাপারে তৈরি হয়ে আছে। ছোলা, ডাল, তেল যথেষ্ট পরিমাণে মজুত আছে। ট্রাকে ও বিভিন্ন ডিলারের মাধ্যমে ৫০০ স্পটে এসব পণ্য সরবরাহ করছে টিসিবি। ঈদ পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে।

পূর্ববর্তি সংবাদসূর্যাস্ত হয়েছে মনে করে দিনের বেলায় ইফতার করে ফেললে রোযার কী হুকুম?
পরবর্তি সংবাদবধ্যভূমিতে রমযান: বিধ্বস্ত এক সিরিয় পরিবারের ইফতার