রোহিঙ্গা শিবিরে করোনা শনাক্ত, কুতুপালং ক্যাম্প লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা শনাক্ত হওয়ায় ঝুঁকির মুখে পড়েছে বৃহত্তম রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প কুতুপালং। গত দুই দিনে এই ক্যাম্পের তিন জন রোহিঙ্গার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাই আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় হাজার রোহিঙ্গাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। ক্যাম্পগুলোতে গাদাগাদি করে থাকা লাখো রোহিঙ্গার মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) প্রথম একজন কোভিড-১৯ রোগী ধরা পড়ে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার।

মো. মাহবুব আলম তালুকদার বলেন, ‘বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়া ব্যক্তি ও তার পরিবারের ছয় সদস্যকে মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ওই ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা। সংক্রমণ রোধে ওই ব্লকের এক হাজার ২৭৫টি ঘর রেড মার্ক করে লাল পতাকা দিয়ে লকডাউন করা হয়েছে। এসব ঘরে প্রায় পাঁচ হাজার মানুষ রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের মাধ্যমে মসজিদসহ আরও যেসব জায়গায় আক্রান্ত ব্যক্তি চলাচল করেছেন সেগুলো লকডাউন করা হবে।’

সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার দুই জন ও শুক্রবার একজন আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে আক্রান্তসহ তাদের পরিবারকে আইনসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি ক্যাম্পে আরও যাতে ছড়িয়ে না পরে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে আড়াইশ’র বেশি রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে।’

আরো পড়ুন: করোনা থেকে সুরক্ষায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: জাতিসংঘ

পূর্ববর্তি সংবাদজুনে শুরু হতে পারে বিমান চলাচল
পরবর্তি সংবাদ২৩তম তারাবি: তাকওয়াই হল শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি