ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ফের সেনাবাহিনী ও হিজবুল মুজাহিদিনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। এ সংঘর্ষে হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার সকালে ঘটে এ ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে জানা গেছে।
আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, উপত্যকার ডোডা এলাকায় হিজবুল মুজাহিদিন সদস্যরা লুকিয়ে রয়েছে বলে শনিবার রাতে গোপন সূত্রে জানতে পারে ভারতীয় সেনাবাহিনী।
এরপর রাতেই তল্লাশি অভিযান শুরু করে। রাতভর তল্লাশির পর রোববার সকালে ওই এলাকার একটি বাড়িতে হিজবুল মুজাহিদিন সদস্যদের সন্ধান পায় সেনারা।
ভারতীয় সেনারা ওই বাড়ির কাছে পৌঁছতেই এলোপাথাড়ি গুলি শুরু করেন তারা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও।
দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক সেনা প্রাণ হারান। আর হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হন।
















