ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের সংকটকালে গরিব মানুষের জন্য সরকারের ত্রাণ বিতরণে বাটপারি ও চরম জালিয়াতি হচ্ছে।
তিনি বলেন, সরকার করোনা বিষয়ে সঠিক তথ্য গোপন করে মানুষকে অন্ধকারে রাখছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে এসব হতো না।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে শংকর এলাকায় গরিব মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী ৫০ লাখ মানুষকে ত্রাণ হিসেবে টাকা দিবেন। সেখানে দেখা গেছে ৪০ জন লোকের নামের পাশে শুধু একটিই মোবাইল নাম্বার দেয়া আছে। স্থানীয় ইউপি সদস্য ও প্রশাসনের কিছু লোক এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত। তাহলে বুঝেন কী ধরনের চুরি চলছে?
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকা দিয়ে সারাদেশে অসহায় গরীব মানুষকে প্রাণ দিচ্ছে। আমরা এমনিতেই বিপদে আছি। আমাদের রাস্তায় দেখলেই গ্রেফতার করা হয়। গুম করে নিয়ে যায়। এই অবস্থার মধ্যেও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতই বিপদ আসুক অসহায় মানুষদের পাশে থাকতে হবে। এজন্য আমরা সারাদেশে সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব। কিন্তু বিএনপির এসব কার্যক্রম সহ্য করতে পারছে না সরকার। তারা হিংসায় জ্বলে যাচ্ছে।
















