ঘূর্ণিঝড় আম্পানে ভেসে গেছে কলকাতা বিমান বন্দরের রানওয়ে

হাঁটু সমান পানিতে কলকাতা বিমান বন্দর- ছবি এনডিটিভি

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পানের দাপটে ভেসে গেছে কলকাতা বিমান বন্দরের রানওয়ে। হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে বিমানবন্দরটির অনেক অংশ। এতে এর অনেক কাঠামোরও ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডুবে যাওয়া কলকাতা বিমানবন্দরের কিছু দৃশ্য। যেখান দেখা গেছে, পানির ওপর দাঁড়িয়ে আছে কয়েকটি বিমান।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে কলকাতা শহরের ওপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। ৬ ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা শহর ও শহরতলী। ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা বিমান বন্দরও। ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরের টারম্যাক, রানওয়ে এবং হ্যাঙ্গার পানিতে তলিয়ে যায়। একটি ভবনের ছাদেও ভাঙন ধরেছে।

আম্পানের পর কলকাতা বিমানবন্দরের দৃশ্য- ছবি: সংগৃহীত

বিমানবন্দরের কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, আম্পান ঝড়ের তাণ্ডবে দুটি হ্যাঙ্গার এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলো আর মেরামত করা যাবে না। তবে করোনার কারণে গত ২৫ মার্চ থেকে বিমানবন্দরটির সব ফ্লাইট বন্ধ থাকায় ঝড়ে কোনো প্রাণহানি ঘটেনি বা বড় ধরনের ক্ষতি হয়নি।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে আম্পানের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭২

উল্লেখ্য, ভারতে দীর্ঘমেয়াদি লকডাউনের কারণে গত আড়াই মাস ধরে কলকাতা বিমানবন্দরে কার্গো এবং উদ্ধারকার্যে নিযুক্ত বিমানই চলছে।

এর পরেও আম্পান তাণ্ডবের সময় অন্তত ৪২টি বিমান ছিল বিমানবন্দরে।

বিমানবন্দরের কর্মীরা জানান, আম্পানের ঝোড়ো হাওয়ার ধাক্কায় ৪০ টন ওজনের প্রতিটি বিমানই রীতিমত কেঁপে ওঠে। বিমানগুলো যেভাবে দুলছিল তাতে ভয় পেয়ে যাই আমরা। ঝড়ের প্রস্তুতির সময় আগেই বিজ্ঞাপনের বোর্ডগুলো খুলে নেয়ায় সেগুলোর মাধ্যমে কোনো ক্ষতি হয়নি।

আরো পড়ুন: ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে এক লক্ষ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে : মমতা

পূর্ববর্তি সংবাদঢাকা মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু
পরবর্তি সংবাদমুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ইয়াবা- গাঁজাসহ আটক ৬