ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধরলা নদীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ জন একটি নৌকায় করে বুধবার বিকালে বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে ধরলা নদীতে হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়েন। এ সময় বৃষ্টি থেকে রেহাই পেতে নৌকায় লোকজন পলিথিন নিয়ে টানাটানি করলে নৌকাটি উল্টে যায়।
এ সময় অন্যান্য লোকজন সাঁতরে তীরে উঠলেও কনের বাবাসহ চারজন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব সরকার জানান, রাতে খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে এর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালান। তবে তাদের সন্ধান এখনও পাওয়া যায়নি।
















