আজ খুলছে সব অফিস, শঙ্কা সতর্কতা ও আশার দোলা

ইসলাম টাইমস ডেস্ক:নতুন রোগীর পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ার উধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে। তবে পাশাপাশি লকডাউনের কারণে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। এমন পরিস্থিতির ভিতরে শঙ্কা সতর্কতা ও আশার দোলাচালে কঠোর স্বাস্থ্যবিধি পালনের শর্তে সব অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। এদিনই ট্রেন ও লঞ্চ এবং সোমবার থেকে দূরপাল্লার বাস-মিনিবাস চলাচলও শুরু হচ্ছে।

গত ২৬ মার্চ থেকে চলা সাধারণ ছুটির মেয়াদ না বাড়িয়ে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই সময় স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সবাইকে অবশ্যই মাস্ক পরে অফিসে আসতে বলা হয়েছে। তবে বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবাদের এ সময় অফিসে আসা মানা।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ছুটি ঘোষণা করে সরকার। কয়েক দফায় তা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত ৬৬ দিন ছুটি আজ রোববার শেষ হল। এটিই দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা ছুটি। এ ছুটি অবসানের ফলে আজ (৩১ মে) থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি নির্দেশনা অনুসরণ সাপেক্ষে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলছে। আগামী ১৫ জুন পর্যন্ত অফিস ও গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে, সেই বিষয়ে নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ অফিস আদেশ জারি করে।

পূর্ববর্তি সংবাদ৬০ দিন পর খুলে দেওয়া হলো মসজিদুল আকসা, ফজরেই জমায়েত মুসল্লিদের
পরবর্তি সংবাদ১০ কোটি জনসংখ্যার ভিয়েতনামে সংক্রমণ নিয়ন্ত্রণে: যেসব সতর্কতা-নীতি মানা হচ্ছে