নুরুদ্দীন তাসলিম।।
দেশে দ্রুতই বেড়ে চলেছে করোনা ভাইরাস সংক্রমণ। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে জরুরী মুহূর্তে আইসিইউ সাপোর্টসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এমন ঘটনা এখন প্রতিদিনের খবরের কাগজে বড় শিরোনামে দেখা যাচ্ছে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা না থাকাকে এই সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নত করতে চাইছেন চট্টগ্রামের ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ড. আফম খালিদ হোসেন।
বর্তমান পরিস্থিতিতে মহামারি ও বিভিন্ন রোগ থেকে সুরক্ষায় দেশে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার যে কথা বারবার দেশীয় মিডিয়াগুলোতে বলা হচ্ছে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এব্যাপারে নিশ্চিত করা হচ্ছে, বাস্তব ক্ষেত্রে আমাদের সামনে মিডিয়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথার বিপরীত চিত্র ফুটে উঠছে বলে ইসলাম টাইমসকে বলেছেন ড. আফম খালিদ হোসেন।
তিনি বলছেন, আমাদের দুর্ভাগ্য যে, আমরা মুমূর্ষ অবস্থায় আমাদের রোগীদের আইসিইউ সাপোর্টসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো দিতে পারছি না। করোনা রোগী ছাড়াও অন্য অনেক রোগী শেষ সময়ে শুধুমাত্র আইসিইউ সাপোর্ট না পাবার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বলে বলছেন ড. আফম খালিদ হোসেন।
করোনা সংকটে ত্রাণ বিতরণ ও আম্পান থেকে সুরক্ষা পেতে সরকার যেমন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে, মহামারির মুহূর্তে জনগণের চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতেও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ।
বর্তমানে করোনা রোগী ছাড়া অন্য রোগীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি না করার অপ্রীতিকর যে ঘটনা ঘটছে এর সুরাহা হতে পারে কিভাবে এ প্রশ্নের উত্তরে ড. আফম খালিদ হোসেন বলেছেন, সরকার এমন হাসপাতালগুলোর লাইসেন্স বাতিলসহ যেসব পদক্ষেপ ঘোষণা করেছিল, তার যথাযথ বাস্তবায়নই এই সংকট থেকে উত্তরণের পথ হতে পারে।
এছাড়া ড. আফম খালিদ হোসেন বলছেন, হাসপাতালে আইসিইউ ইউনিট বাড়াতে সরকারের একান্ত হস্তক্ষেপ এই সংকট সমাধানের পথ হতে পারে। চট্টগ্রামের এক হাসপাতালে একজন শিল্প উদ্যোগতা আটটি আইসিইউ দান করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে এমন বিত্তশালী মানুষের অভাব নেই, সরকার আইসিইউ দানে তাদের আহ্বান করতে পারেন।
আরো পড়ুন: লকডাউনের সাথে সাথে কি শেষ হলো সচেতনতাও?
বর্তমান এই সংকট উত্তরণে দেশের সাধারণ জনগণের কোন দায়িত্ব আছে কি না, এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জনগণ সরকার পক্ষের কাছে তাদের দাবি তুলে ধরতে পারেন। আর জনগণ দাবি তুললে সরকার তা মানতে বাধ্য। তাই এই সমস্যা নিয়ে জনগণের পক্ষ থেকে দাবি উঠতে পারে বলে বলছেন চট্টগ্রামের ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ড. আফম খালিদ হোসেন। এছাড়া হাসপাতাল মালিকদের রোগীর সেবা নিশ্চিত করতে আরো সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
প্রত্যেকের জীবন-মৃত্যু আল্লাহ তায়ালার হাতে, কিন্তু আল্লাহ তায়ালার বান্দা হিসেবে উপকরণ অবলম্বনের শেষ চেষ্টাটুকু করতে পারছি না, যেন চিকিৎসা খাতে আমাদের অপর্যাপ্ততার কারণে, এমন আবেগময় ভাষাই শোনা গেছে ড. আফম খালিদ হোসেনের কন্ঠে।
আরো পড়ুন: রোগ গোপন ও রোগীকে হয়রানির পাল্টা অভিযোগ: সুরাহা কোন পথে!
















