ইসলাম টাইমস ডেস্ক: এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার হুমকিদাতা সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারের ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িটি জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার তাদের বাসায় অভিযান চালিয়ে সাদা গাড়িটি জব্দ করা হয়। গাড়ির রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো ঘ- ১৮-৩৯৪৫।
বুধবার (৩ জুন) ঢাকা উত্তর গোয়েন্দা বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেছে। গাড়িটি জব্দ করেন ডিবি উত্তরের ইন্সপেক্টর ফজলুল হক।
এর আগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ।
মামলায় নির্যাতনকারী হিসেবে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার নাম উল্লেখ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ঋণের জন্য বন্ধকী সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন সিকদার গ্রুপের ওই দুই পরিচালক। পাশাপাশি তাদের গুলশানের একটি বাড়িতে আটকে ও নির্যাতন করে সাদা কাগজে সই নেয়া হয়।
প্রসঙ্গত, চিকিৎসার কথা বলে মামলার দুই আসামি একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক চলে গেছেন।
আরো পড়ুন: সোনাগাজিতে গালি দেয়ার অভিযোগে ৭জনকে কুপিয়ে জখম
















