মানিকগঞ্জে বজ্রাঘাত ও পানিতে ডুবে দুজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জে বজ্রাঘাত ও পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা দেড়টার দিকে বজ্রাঘাতে লিটন হাসান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত লিটন ওই গ্রামের আমান উল্লাহ দেওয়ানের ছেলে। সে স্থানীয় রাজিবপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সরকার জানান, দুপুরে লিটন নিজ বাড়ির আঙিনায় বাবা-মায়ের সঙ্গে গৃহস্থালি কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। জানাজা শেষে তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

এদিকে, নানাবাড়িতে বেড়াতে এসে জেলার সিংগাইরে পানিতে ডুবে নাসিম খান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে জামির্ত্তা ইউনিয়নের জাইল্যা গ্রামে এমএবি ইটভাটার পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নাসিম একই উপজেলা ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আবুল কালাম খানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসিম জাইল্যা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে পুকুর পাড়ে খেলার একপর্যায়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদশ্রমিক ছাঁটাই বন্ধে বিজিএমইএ-কে ডিআইএফইর চিঠি
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৭ হাজার ছাড়াল