ইসলাম টাইমস ডেস্ক: শ্রমিক ছাঁটাই বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে (বিজিএমইএ) চিঠি দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।
গত রবিবার বিজিএমই-এর সভাপতিকে এই চিঠি দেন সংস্থাটির মহাপরিদর্শক শিবনাথ রায়। বিষয়টি মঙ্গলবার জানা যায়।
চিঠিতে বলা হয়, ঈদের পর পোশাকশিল্প মালিকেরা শ্রমিক ছাঁটাই করছেন। অধিদপ্তরের ২৩টি উপ-মহাপরিদর্শকের কার্যালয় থেকে ঈদের পর জানায়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬৭টি কারখানার ১৭ হাজার ৫৭৯ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তার মধ্যে টঙ্গীর তানাজ ফ্যাশনস ও ভিয়ালাটেক্স গার্মেন্টসের ২ হাজার ৪৫০ শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হয়ে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি করছেন।
ডিআইএফইর চিঠির অনুলিপি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ এর সভাপতি সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে পোশাক শ্রমিক ছাঁটাই নিয়ে বিজিএমইএ–এর সভাপতি ড. রুবানা হকের এক মন্তব্যের পর ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিভিন্ন শ্রমিক সংগঠন তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
এর পর বিজিএমইএ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করে, সংগঠনের সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি। সংগঠন হিসেবে এ ধরনের ঘোষণা দেয়ার কোনো সুযোগও নেই। বিজিএমইএ সভাপতি কর্মসংস্থান হ্রাস পাওয়া ও সম্ভাব্য শ্রমিক ছাঁটাই বিষয়ে তার গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন।
















