ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ সিলভার ক্যাসেল হোটেল-এর মালিক ধর্মপ্রাণ ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম আনু বেগ (৭০) করোনা উপসর্গ নিয়ে আজ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ছিলেন ঢাকা গুলশান নিবাসী শিল্পপতি আলহাজ্ব এলাহী নেওয়াজ বেগের ছেলে।
জানা গেছে, আনোয়ারুল ইসলাম বেগ সিলভার ক্যাসেল হোটেলে কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। গতকাল জ্বরের তীব্রতা ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আজ দুপুরের পর চিকিৎসার জন্য ঢাকার পথে বিকেল তিনটার দিকে ত্রিশালে তিনি ইন্তেকাল করেন। তার লাশ আবার ময়মনসিংহ ফিরিয়ে নেওয়া হয়। তবে মৃত্যুর পরে মৌখিকভাবে তার করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে।
খাগডহর ট্যানারি মসজিদের খতিব মাওলানা তাজউদ্দিন জানান, মরহুম আনোয়ার বেগ ছিলেন মসজিদ অন্তপ্রাণ একজন মানুষ। করোনা লকডাউন চলাকালেও তিনি ট্যানারী মসজিদ উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন।
মরহুমের কাফন-দাফন কোথায় হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
















