স্বাভাবিক জীবনযাপনে ফিরছে সৌদি আরব, জনমনে স্বস্তির আমেজ

ইসলাম টাইমস ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউনে থাকা সৌদি আরবে আজ রোববার থেকে অবশেষে খুলেছে মক্কা নগরীর ১৫৬০টি মসজিদ। আজ ফজরের নামাজের সময় থেকে মসজিদগুলো খুলেছে । তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মুসল্লিসহ সংশ্লিষ্টদের। এদিকে সকাল ৬টা থেকে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেইসঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে আগের মতোই ২৪ ঘণ্টা নিজ শহরে চলাচল কিংবা এক অঞ্চল বা শহর থেকে অন্য অঞ্চল বা শহরে যাতায়াতে আর কোনো বাধা থাকবে না।

আজ রোববার সকাল থেকে দীর্ঘদিন বন্ধ থাকা সেলুন ও বিউটি পার্লারসহ সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। এতে সাধারণ জনগণসহ সবার মনে স্বস্তির আমেজ বিরাজ করছে।

তবে কারফিউ প্রত্যাহার করা হলেও এ সময় কার্যক্রম পরিচালনা ও চলাচলে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন, কোনো ধরনের জমায়েত ও ভিড় করা যাবে না। ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করে থাকতে হবে এবং অন্যের সঙ্গে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি সেক্টরে যেসব নিরাপত্তা প্রটোকল ঘোষণা করা হয়েছে, তা মেনে চলতে হবে।

এদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমরাহ, সব সীমান্তসহ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ রোববার দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত এক হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭৫ জনই প্রবাসী বাংলাদেশি। আর সুস্থ হয়েছে ৯৮ হাজার ৯১৭ জন।

পূর্ববর্তি সংবাদকরোনা আক্রান্ত রোগীর ৩০ মিনিট অক্সিজেনের বিল ৮৬ হাজার টাকা!
পরবর্তি সংবাদলালপুরে পদ্মায় নৌকাডুবিতে ২ জন নিখোঁজ