ইসলাম টাইমস ডেস্ক: করোনা থেকে সুরক্ষায় সম্মুখ সারিতে কাজ করে যাওয়া পুলিশ বাহিনীর এখন পর্যন্ত ৫ হাজার ১৩৩ জন সদস্য সুস্থ হয়েছেন। এর মধ্যে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন।
আজ সোমবার (২২ জুন) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিত আরও বলা হয়, রোববার (২১ জুন) পর্যন্ত পুলিশ বাহিনীর ৩০ জন সদস্য করোনায় মারা গেছেন। তাদের মৃত্যুতে সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।
গতকাল রোববার পর্যন্ত সারাদেশে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোতে উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয় পুলিশ সদস্যদের মধ্যে সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এসব উদ্যোগের ফলে একদিকে পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি সুস্থতার হারও দ্রুততার সাথে বাড়ছে।
















