যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে আরেক কৃষ্ণাঙ্গ মৃত্যুর ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের রোষে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ড যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে দেশটিজুড়ে তুমুল বিক্ষোভের মধ্যেই পুলিশের গুলিতে প্রাণ হারান রেশার্ড নামে আরেক কৃষ্ণাঙ্গ যুবক। সেই বিক্ষোভের রেশ না কাটতেই আরেক হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কার্লোস লোপেজ নামে এই ল্যাটিনো যুবককে ফ্লয়েডের মতোই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনা সামনে আসতেই বুধবার পদত্যাগ করেছেন স্থানীয় পুলিশপ্রধান। খবর রয়টার্স ও এনডিটিভির।

অ্যারিজোনার টুসন শহরে গত ২১ এপ্রিল পুলিশের নির্যাতনে দম বন্ধ হয়ে প্রাণ হারান ২৭ বছরের ল্যাটিনো যুবক কার্লোস ইনগ্রাম লোপেজ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কার্লোসকে পিঠের দিকে দুই হাত টেনে ধরে হাতকড়া পরিয়েছে পুলিশ। এ অবস্থায় তার মাথা-মুখ চেপে ধরা হয়েছে তলপেটে। এতে যুবকটি শ্বাস নিতে পারছিল না। সে পানি পানি বলে চিৎকার করে। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘দম নিতে পারছি না। দম নিতে পারছি না।’ এভাবে ১২ মিনিট রাখার পর নিস্তেজ হয়ে পড়ে কার্লোস।

পুলিশ জানিয়েছে, কার্লোস মদ খেয়ে নিজের পরিবারের মানুষের সঙ্গে মাতলামি ও চিৎকার চেঁচামেচি করছিল। এরপরই তার দাদি পুলিশকে ফোন করে। পুলিশ তাকে আটক করার পরও তিনি মাতলামি করছিল। তাকে নিয়ন্ত্রণে আনতেই চেপে ধরা হয়েছিল।

ভিডিওটি সামনে আসার পরই এ নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরের পুলিশপ্রধান ক্রিস ম্যাগনাস নিজের পদত্যাগের ঘোষণা দেন। ঘটনায় জড়িত আরও তিন পুলিশ সদস্য পদত্যাগ করেছেন।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়েপোলিসে পুলিশের নির্যাতনে প্রাণ হারান জর্জ ফ্লয়েড নামে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ। তাকে পুলিশ ঘাড়ে ধরে মাটির সঙ্গে চেপে ধরলে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি। এ নিয়ে বর্ণবৈষম্যবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রজুড়ে। এ বিক্ষোভের মধ্যেই ১৩ জুন আটলান্টায় পুলিশের গুলিতে নিহত হন রেশার্ড ব্রুকস নামে আরেক কৃষ্ণাঙ্গ যুবক।

পূর্ববর্তি সংবাদট্রেনে কাটা পড়ে রাজধানীর কুড়িলে ৩ জনের মৃত্যু
পরবর্তি সংবাদদুদকের নির্দেশনায় স্বাস্থ্য অধিদফতরের কালো তালিকায় ১৪ প্রতিষ্ঠান