ইসলাম টাইমস ডেস্ক: ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সময় পেলেও সরকারের কোনো প্রস্তুতি ছিল না’-বিএনপির এমন সমালোচনার বিরুদ্ধে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন ক্ষমতসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ দিয়ে বলেন, আগে থেকে কাদের বা কোন দেশের পূর্ব প্রস্তুতি শতভাগ ছিল?
তিনি শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
সংকটের শুরু থেকে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না- বিএনপির এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, আর কত সমালোচনার নামে জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?
তিনি বলেন, শেখ হাসিনা সরকার শুরু থেকে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রতিবেশী ভারত, চীনের মতো দেশেও সীমাবদ্ধতা নিয়েই করোনার বিরুদ্ধে লড়াই করছে বলেও জানান সেতুমন্ত্রী।
















