সেপ্টেম্বরে দেশে কমতে পারে সংক্রমণের হার: কারিগরি বিশেষজ্ঞ দল

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে দুই ধরনের পূর্বাভাস দিয়েছে একটি কারিগরি বিশেষজ্ঞ দল। দুটি পূর্বাভাসেই বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে সংক্রমণের হার কমতে পারে।

মহামারি পরিস্থিতি পর্যালোচনায় চারজনের ওই কারিগরি বিশেষজ্ঞ দল স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটিকে তথ্য বিশ্লেষণে সহযোগিতা করছে। দলটির দেওয়া পূর্বাভাস স্বাস্থ্য
অধিদপ্তর গত এপ্রিল থেকে ব্যবহার করে আসছে। তারা সর্বশেষ পূর্বাভাস দিয়েছে ২৩ জুন।

দুটি পৃথক পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি দুই পূর্বাভাসে রোগী ও মৃত্যুর সংখ্যায় তফাত রয়েছে। প্রথম পূর্বাভাসে বলা হচ্ছে, এখন সংক্রমণ পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি। জুলাইয়ের শেষ পর্যন্ত সংক্রমণ পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে থাকার আশঙ্কা আছে। আগস্টের শেষের দিকে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার ছাড়াতে পারে। মৃত্যু হতে পারে সাড়ে তিন হাজারের বেশি মানুষের।

দ্বিতীয় পূর্বাভাসে বলা হচ্ছে, সংক্রমণের চূড়ান্ত পর্যায় শুরু হতে পারে জুলাইয়ের মাঝামাঝি। আগস্টের শেষের দিকে শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ছাড়াতে পারে। মৃত্যু হতে পারে প্রায় ছয় হাজার মানুষের।

পূর্বাভাসের বিষয়টি গতকাল শুক্রবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাংলাদেশে করোনা: ছয় মাসের পর্যবেক্ষণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানেও উঠে আসে। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম পূর্বাভাসের তথ্য উল্লেখ করে বলেন, কয়েক দিনের মধ্যে দেশের সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল হবে। পবিত্র ঈদুল আজহার সময় মানুষের চলাচলে কড়াকড়ি ব্যবস্থা না নিলে পরে সংক্রমণ বেড়ে যেতে পারে। বিভিন্ন ল্যাবরেটরির তথ্য এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে করোনা সংক্রমণের হার ১ দশমিক শূন্য ৫।

 আরো পড়ুন: দেশের ৮০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা!

একজন করোনা রোগীর মাধ্যমে কতজন সংক্রমিত হন, সেটাই সংক্রমণ হার বা ইফেকটিভ রিপ্রোডাকশন রেট (আরটি)। আরটি ১–এর বেশি থাকার অর্থ সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম পূর্বাভাসের তথ্য জানালেও দ্বিতীয়টির কথা উল্লেখ করে না। কেন উল্লেখ করা হয় না, তা নিয়ে অধিদপ্তরের কারও কাছ থেকে ব্যাখ্যা পাওয়া যায়নি।

কারিগরি বিশেষজ্ঞ দলের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষক শাফিউন শিমুল বলেন, ‘দুটি পূর্বাভাসের মধ্যে বেশ পার্থক্য আছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তুলনামূলক কম মৃত্যু এবং কম সংক্রমণের পূর্বাভাসটি ব্যবহার করেন।’

 কারিগরি দলের সদস্যরা বলছেন, প্রক্ষেপণ বা পূর্বাভাসের জন্য যে মানের তথ্য ও উপাত্ত দরকার হয়, তা তাঁরা পাচ্ছেন না। অন্যদিকে কিছু শর্ত সাপেক্ষে প্রক্ষেপণ করা হয়। শর্তগুলো বদলে যাওয়ায় পূর্বাভাস মেলে না। এই দলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই ইনস্টিটিউটের শিক্ষক সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল এবং কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাক্কার হোসেন।

 আরো পড়ুন: বিশ্বজুড়ে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ

সংক্রমণ পরিস্থিতির পূর্বাভাসের একটি মডেল হচ্ছে এসআইআর (সাসেপটিবল, ইনফেক্টেড, রিমুভড)। এতে মূলত রোগতাত্ত্বিক তথ্য–উপাত্ত ব্যবহার করে প্রক্ষেপণ করা হয়। অন্যটিকে বলা হয় টাইম সিরিজ মডেল। অর্থনীতিবিদ ও ডেটাবিজ্ঞানীরা এটা বেশি ব্যবহার করেন। কারিগরি দল প্রথম প্রক্ষেপণ দিয়েছে এসআইআর মডেলে ও দ্বিতীয়টি টাইস সিরিজ মডেলে।

অবশ্য শাফিউন শিমুল  বলেন, ‘আমার মনে হয়, বাস্তবতা সম্ভবত দুটি প্রক্ষেপণের মাঝামাঝি কোথাও। এ মাসের শুরুতে এসআইআর মডেল ব্যবহার করে বলেছিলাম, ৩০ জুনে আক্রান্তের সংখ্যা হবে ১ লাখ ২৩ হাজার। অন্য মডেলে বলেছিলাম ১ লাখ ৬৩ হাজার। এখন আক্রান্তের সংখ্যা দুটোর মাঝামাঝি।’

গতকাল পর্যন্ত দেশে রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের আটজন বিশেষজ্ঞ করোনা পরিস্থিতির পূর্বাভাসে বলেছিলেন, মে মাসের শেষ নাগাদ দেশে ৪৮ হাজার থেকে ১ লাখ মানুষ আক্রান্ত হতে পারেন। গতকাল বিশেষজ্ঞ দলের একাধিক সদস্য বলেছেন, লকডাউন চালু থাকবে, পোশাক কারখানাসহ অন্যান্য কলকারখানা বন্ধ থাকবে, মানুষ মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানবে, এসব শর্তপূরণ সাপেক্ষে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু এসব শর্ত পূরণ হয়নি। তাই পূর্বাভাস মেলেনি। মানসম্পন্ন তথ্য বিশ্লেষণ করলে বাস্তব পরিস্থিতির কাছাকাছি চিত্র পাওয়া সম্ভব।

 আরো পড়ুন: দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ হাজারের বেশি

পূর্ববর্তি সংবাদমহারাষ্ট্রে অক্সিজেন, শয্যাসহ মসজিদে মিলছে কোভিড রোগীদের ফ্রি সেবা
পরবর্তি সংবাদউত্তেজনার মধ্যেই এবার ভারতের বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে চীনা সেনারা