ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীণ বিডি লিমিটেড নামক পরচুলা কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় ১ হাজার শ্রমিক। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ চলাকালে কারখানা কর্তৃপক্ষ বাধা দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় প্রবেশ করে।
খবর পেয়ে উত্তরা ইপিজেডসহ নীলফামারী সদর, সৈয়দপুর ফায়ার সার্ভিস বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তারপরও উত্তেজিত শ্রমিকদের বিক্ষোভ থামানো যাচ্ছিল না। এমতাবস্থায় র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সদস্যসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে শান্ত করার চেষ্টা করে।
বেলা ১১টার দিকে নীলফামারী জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরীসহ অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা রহমান, বেপজার জিএম এনামুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ছুটে এলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। এতে জেলা প্রশাসক তাদের দাবি অনুযায়ী সুষ্টু সমাধানের আশ্বাস দেয়ায় শ্রমিকরা শান্ত হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
















