ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবপাচার বিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের প্রসঙ্গ।
প্রতিবেদনে নাম উল্লেখ করা না হলেও বাংলাদেশি এমপি মানবপাচারের জন্য কুয়েতের কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন বলে তথ্য উঠে এসেছে। পাপুল ২০ হাজারের বেশি কর্মীকে কাজের প্রলোভন দেখিয়ে কুয়েতে নিয়ে যান এবং তাদের চুক্তির চেয়ে কম বেতনে নিয়োগ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সংসদ সদস্যসহ বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তার সঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সম্পর্ক রয়েছে। যে কারণে অভিযুক্ত জনশক্তি রপ্তানিকারকদের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেয় না।
এ প্রতিবেদনে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের বিষয়টিও এসেছে। তবে এতে বলা হয় মানবপাচার রোধে শর্ত পূরণ করতে না পারলেও চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে বাংলাদেশকে দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়েছে।
















