নীলফামারীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়া

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীণ বিডি লিমিটেড নামক পরচুলা কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় ১ হাজার শ্রমিক। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ চলাকালে কারখানা কর্তৃপক্ষ বাধা দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় প্রবেশ করে।

তারা কারখানায় ব্যাপক ভাঙ্গচুরের ঘটনা ঘটিয়েছে। এতে কারখানার প্রায় ৫০টি কম্পিউটারের মনিটর, সিপিইউসহ অন্য যন্ত্রাংশ বাইরে বের করে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের ফ্লোরে রক্ষিত ২০টি মোটরসাইকেল, ৩০টি বাইসাইকেল, দুইটি কাভার্ড ভ্যানেও আগুন ধরিয়ে দেয়া হয়। এসব জিনিসপত্র পুড়ে গেছে। শ্রমিকরা এভারগ্রীণের কর্মরত কর্মকর্তাদেরও এলোপাথারী মারপিট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুরো ইপিজেড এলাকায় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হওয়ায় উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

খবর পেয়ে উত্তরা ইপিজেডসহ নীলফামারী সদর, সৈয়দপুর ফায়ার সার্ভিস বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তারপরও উত্তেজিত শ্রমিকদের বিক্ষোভ থামানো যাচ্ছিল না। এমতাবস্থায় র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর সদস্যসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে শান্ত করার চেষ্টা করে।

বেলা ১১টার দিকে নীলফামারী জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরীসহ অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা রহমান, বেপজার জিএম এনামুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ছুটে এলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। এতে জেলা প্রশাসক তাদের দাবি অনুযায়ী সুষ্টু সমাধানের আশ্বাস দেয়ায় শ্রমিকরা শান্ত হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তি সংবাদএবারের এইচএসসিতে পরীক্ষা কমানোর কথা ভাবছে সরকার
পরবর্তি সংবাদমার্কিন মানবপাচার বিষয়ক প্রতিবেদনেও এমপি পাপুলের প্রসঙ্গ!