ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের হত্যা করতে তালেবানের সঙ্গে রাশিয়া হাত মিলিয়েছে বলে অভিযোগ করেছিল মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তবে এ দাবি করেছে প্রত্যখ্যান করেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের বার্তা সংস্থা তাস জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা আগাগোড়া গুজব এবং মার্কিন গোয়েন্দা বিভাগের নির্দেশে এটি তৈরি করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরো বলেছেন, এ ধরনের গুজব ছড়ানোর ঘটনায় মার্কিন গোয়েন্দা বিভাগের বুদ্ধিবৃত্তিক দুর্বলতা ফুটে উঠেছে; কারণ, তারা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে এর চেয়ে ভালো কোনো যুক্তি খুঁজে পায়নি।
দৈনিক নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এক খবরে দাবি করেছিল, রাশিয়ার একটি অজ্ঞাত গোয়েন্দা ইউনিট আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের হত্যা করার কাজে তালেবানকে সবরকম সহযোগিতা করছে।
















