ইসলাম টাইমস ডেস্ক: পৃথিবীর কোনো দেশেই করোনা টেস্টের জন্য টাকা নেয়া হচ্ছে না জানিয়ে সরকারের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ফি নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, কত বড় গণবিরোধী গণশত্রু হতে পারে এই সরকার। একজন রিকশাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন মজুর, একজন কৃষি শ্রমিক সারাদিন কাজ করার পর হয়তো ১ শ’ থেকে ২ শ’ টাকা ইনকাম করতে পারে, তাও পারে না, কেউর ৬০/৭০ টাকা ইনকাম হয়। সে ২ শ’ টাকা দিয়ে করোনা টেস্ট করবে কী করে? আমরা করোনা টেস্টে ফি নির্ধারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রিজভী বলেন, দেশে যদি জনগণের সরকার থাকতো এটা (টেস্টের জন্য পরীক্ষার ফি নির্ধারণ) করতো না। সরকারি চিকিৎসা পৃথিবীর বহু দেশে এমনকি বৃটিশ আমলে, পাকিস্তান আমলেও সরকারি হাসপাতালে চিকিৎসা অনেকটা ফ্রি ছিলো। আর উন্নত দেশগুলোতে প্রশ্নই আসে না।
















