চীন-ভারতের উত্তেজনার মধ্যে লাদাখে ২০ হাজার সেনা মোতায়েন করল পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: পূর্ব লাদাখ সীমান্তে চীন-ভারতের উত্তেজনার মধ্যে উত্তর লাদাখ সীমান্তে প্রায় ২০ হাজার সেনা মোতায়েন করল পাকিস্তান।

ভারতকে কি ঘিরে ধরছে প্রতিবেশীরা? গত কয়েক দিনে ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে গোয়েন্দাদের একাধিক বৈঠকে এই প্রসঙ্গটি বার বার উত্থাপিত হয়েছে বলে সূত্র জানাচ্ছে। ভারতীয় গোয়েন্দারা সেনা বাহিনীকে জানিয়েছে, উত্তর লাদাখের গিলগিট বালতিস্তান অঞ্চলে প্রায় ২০ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান।

উত্তরে ভারতকে পশ্চিম থেকে পূর্বে ঘিরে রেখেছে চীন, পাকিস্তান এবং নেপাল-ভুটান। পুরোটাই দুর্গম হিমালয়ের অংশ। এর মধ্যে লাদাখের এক প্রান্তে চীন, অন্য প্রান্তে পাকিস্তান। এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা চলছে লাদাখের পূর্ব প্রান্তে। গত ১৫ জুন রাতে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ এবং ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পরে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরপর বেশ কয়েকটি কোর কম্যান্ডার স্তরের বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি।

 

গোয়েন্দা রিপোর্ট বলছে, উত্তর লাদাখের ‍গিলগিত বালতিস্তানে  সৈন্য মজুত করার পাশাপাশি জম্মু-কাশ্মীর অঞ্চলেও সীমান্তের কাছে সৈন্য বাড়িয়েছে পাকিস্তান। একই সঙ্গে কাশ্মীরের ভিতরে স্বাধীনতাকামীদের সঙ্গেও পাকিস্তান চীনের কথা বলিয়ে দিয়েছে বলে কোনও কোনও মহল দাবি করছে।

এই পরিস্থিতিতে যদি যুদ্ধ শুরু হয়, তা হলে ভারতের উত্তর-পূর্ব থেকে উত্তর-পশ্চিম সীমান্ত গোটাটাই আক্রান্ত হবে। ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে, সেনা বাহিনীকে এমন আশঙ্কার কথাও জানিয়ে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেলে একদিনে ৯ জনের মৃত্যু
পরবর্তি সংবাদপ্রবীণ সাংবাদিক ফারুক কাজী মারা গেছেন