ইসলাম টাইমস ডেস্ক: মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো রোগীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে সেখানকার আনসার সদস্যের বিরুদ্ধে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য আজ ৪০ জনকে টিকিট দেওয়া হয়। কিন্তু ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামের এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে আনসাররা তার গায়ে হাত তোলেন।
পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় এ ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দেশ রুপান্তরের ফটো সাংবাদিকও। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের এক সাংবাদিকের উপর আনসার সদস্যরা থাপ্পড় দিতে এলে তিনি সরে পড়েন।
এ বিষয়ে তাৎক্ষণিক মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সেখানে দায়িত্বরত আনসার কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
















