বেনাপোল বন্দরে আটকে আছে ভারতের শত শত পণ্য বোঝাই ট্রাক

ইসলাম টাইমস ডেস্ক: ভারত বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ না করার প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি বন্ধ রয়েছে। ফলে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে। বেনাপোল বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ না করা পর্যন্ত ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ৩ মাসে ভারতের সঙ্গে রফতানি বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে ২ হাজার কোটি টাকা।

বেনাপোল বন্দরে আটকা পড়েছে ৫শ’ ট্রাক রফতানি বোঝাই পণ্য। তিন মাস ধরে এসব ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে। ৩ মাস বন্ধ থাকার পর ৭ জুন বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য চালু হলেও বাংলাদেশি রফতানি পণ গ্রহণ করতে অনীহা প্রকাশ করে ভারত।

ভারত সরকার ও সে দেশের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বাংলাদেশে রফতানির অনুমতি দিলেও বাংলাদেশি রফতানি পণ্য ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে না। বেনাপোল চেকপোস্ট এলাকায় রফতানি পণ্যের গাড়ি দাঁড়িয়ে থাকায় গার্মেন্ট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশি রফতানি পণ্য ভারতে ঢুকতে না পেরে মোটা অঙ্কের ট্রাক ডেমারেজ গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশি রফতানি পণ্য গ্রহণ করছে না। ফলে বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন ভারত থেকে আসা আমদানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে।

পূর্ববর্তি সংবাদহযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরী রহ. এর কিছু অমূল্য বাণী
পরবর্তি সংবাদমুগদা মেডিকেলে নমুনা পরীক্ষা ঘিরে আনসার-রোগী হাতাহাতি