মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ।।
এক. ছোটলোকদের ক্ষমতা বা দাপট বাড়লে তাদের ছোটলোকি যায় না। হ্যা, তাতে ভদ্রজনদের ভদ্রতার জানাযা হয়ে যায়।
দুই. চান্দ্র মাসের হিসাব মনে রাখা এবং তার সংরক্ষণ করা ফরযে কেফায়া। কারণ, শরীয়তের অসংখ্য বিধি-বিধান এর সঙ্গে সম্পৃক্ত।
তিন. ধন-সম্পদ হচ্ছে বিলীয়মান ছায়া। আজ এদিকে, তো কাল ওদিকে। ভাগ্যবান সে, যে এ নেয়ামত থেকে যথাসময়ে ফায়দা তুলে নেয়।
চার. রুজির অন্বেষীরা! সন্তানও রুজি। আর এক রুজি দ্বারা আরেক রুজির দরজা খোলে।
পাঁচ. মদ, নাচ, গান, টিভি, ভিসিআর, ছবি এবং বেপর্দা চলাফেরা ব্যভিচারের চোরা দরজা। এসব থেকে পরিপূর্ণ বেঁচে থাকো।
ছয়. হালাল এবং হারাম এক নয়। যদিও হারামের প্রাচুর্য মানুষের উত্তম মনে হয়।
সাত. অহংকার হলো, হককে গ্রহণ না করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা।
আট. সমস্ত জগত একাকী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই তার অংশীদার সাব্যস্ত করা ক্ষমার অযোগ্য অপরাধ।
নয়. আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার শত্রুরা এ সুধারণায় কক্ষনো যেন না থাকে যে, তারা চিরকাল আমোদ-ফুর্তি করে যাবে। একটা সময়ের পর তাদের মন্দ পরিণাম অপেক্ষা করছে।
দশ. যখন অন্তর অন্ধ হয়ে যায় তখন নসীহত-উপদেশ মাথার উপর দিয়ে চলে যায়। আর যখন চোখ অন্ধ হয়ে যায় তখন চিহ্ন-সংকেত অর্থহীন হয়ে যায়।
এগার. হে লোকসকল! কুরআনে কারীমের কদর করো। কুরআনে কারীম হচ্ছে সেই নেয়ামত, যা তার অনুসারীদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠ এবং আখেরাতে চিরস্থায়ী বাসস্থানের অধিকারী বানায়।
বারো. এ দৃষ্টিভঙ্গি ভুল যে, রাসূল খোদায়ী শক্তি ও ক্ষমতার মালিক। তাঁর কাজ কেবল হকের পয়গাম পৌঁছে দেয়া।
তের. এ দুনিয়া আমলের স্থান। ফায়সালা বা মীমাংসার জায়গা নয়। ফায়সালার দিন কেয়ামত দিবস। যা দ্রুত এগিয়ে আসছে।
চৌদ্দ. আল্লাহ সুবহানু ওয়াতাআলার অপার অনুগ্রহ যে, তিনি তাঁর দুশমনকেও খুব আরাম-আয়েশ দান করেন। এটা তাঁর ছাড় দেয়ার নীতি। এতে যেন কেউ প্রতারিত না হয়।
পনের. দুনিয়ার জীবন অল্পদিনের। এখানে যা করার করে নাও। এর পরিণাম ধ্বংস।
ষোল. দুনিয়ার ক্ষণস্থায়ী যিন্দেগী বানানোর ফিকির করো না। আখেরাতের চিরস্থায়ী যিন্দেগীর ফিকির করো। সেটির কামিয়াবি আসল কামিয়াবি।
সতের. কালিমা তাইয়িবা জান্নাতের চাবি। নেক আমল হচ্ছে তার দাঁত (ভেতরকার উঁচুনিচু খাঁজ)। আর চাবি তখনই কাজ করে যখন তার দাঁতগুলি ঠিক থাকে।
আঠারো. তালেবে ইলমের জন্য উস্তাদের আনুগত্য এবং অধীনতা অপরিহার্য। এ ছাড়া ইলম হাসিল হয় না।
উনিশ. জান্নাত আল্লাহর সন্তুষ্টির ঘর। আর তা ঐ লোকদের মীরাস, যারা ঈমানদার এবং সততা ও পবিত্র জীবন যাপন করে।
বিশ. সকল আমলে গোপনীয়তা উত্তম। তবে কোন কারণবশত যেমন, অপবাদ দূর করা বা অনুসরণের আশা ইত্যাদি কারণে প্রকাশ করার প্রাধান্য হয়ে যায়।
একুশ. কুরআনে কারীম রহমত ও নূর। সামর্থ অনুযায়ী এর প্রচার-প্রসার এবং তিলাওয়াত করা চূড়ান্ত পর্যায়ের সৌভাগ্য।
বাইশ. কেয়ামত এবং মৃত্যুর সময় এজন্য গোপন রাখা হয়েছে, যাতে মানুষ আমলের প্রতি উদাসীন না হয় এবং অনবরত প্রচেষ্টায় রত থাকে।
চব্বিশ. আল্লাহ সুবহানু ওয়াতাআলার দ্বীন উভয় জাহানের কল্যাণের জামিন। অতএব, মানুষ যেন এর কদর করে।
পঁচিশ. যারা কেয়ামতের দিন জীবিত হওয়াকে অবিশ্বাস করে তারা চিন্তা করুন, প্রথমবার তারা কিভাবে জীবিত হয়েছেন।
ছাব্বিশ. সত্যিকার ঈমান যখন কারো নসীব হয়, চাই এক মুহূর্তের জন্য হোক- তখন তা এমন রূহানী শক্তি সঞ্চার করে যে, শক্তিশালী থেকে শক্তিশালী ক্ষমতাধরও তাকে দুর্বল বা ভীত করতে পারে না।
সাতাশ. যে মুমিন মৃত্যুর পরপরই জান্নাতের প্রত্যাশী, তার জন্য ফরয আমল থেকে গাফেল হওয়া এবং গুনাহে লিপ্ত না হওয়া উচিত।
আঠাশ. বাহ্যিক দৃষ্টিভঙ্গির মানসিকতা অপরিণত মানসিকতা। বাস্তবোচিত মানসিকতাই আদর্শ মানসিকতা।
উনত্রিশ. আখেরাত হল দুনিয়ার প্রতিচ্ছবি। যে এখানে অন্ধ হয়ে আছে, আখেরাতে তাকে অন্ধ করে উঠানো হবে। বরং অন্ধের চেয়েও নিকৃষ্ট অবস্থায়।
ত্রিশ. যে কাফেররা রসূলের মর্যাদাহানি করে এবং তাঁকে নিছক নিজেদের পর্যায়ের মানুষ গণ্য করে, আর যারা রসূলের সম্মান বৃদ্ধি করে এবং তাঁকে আল্লাহ তাআলার পুত্র, আলিমুল গায়ব (অদৃশ্যের জ্ঞানী) এবং অদৃশ্য নিয়ন্ত্রক ও হস্তক্ষেপকারী বিশ্বাস করে তারা সবাই ভ্রান্ত। সঠিক বিশ্বাস সেটি, যা কালিমায়ে শাহাদাতের মধ্যে রয়েছে। অর্থাৎ ‘হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসূল।’
একত্রিশ. ধন-সম্পদ, শক্তি এবং প্রতিপত্তির নেশা ঐসময় (তাড়া খাওয়া) হরিণ হয়ে যায়, যখন আযাবের চাবুক বর্ষণ আরম্ভ হয়।
বত্রিশ. এ ধরার বুকে বাতিল লম্ফঝম্ফ-মাতামাতি করে বেড়ায়; কিন্তু যখন হক তার পিছু নেয়, তখন বাতিলের মাথাকে সে পিষ্ঠ করে ছাড়ে।
তেত্রিশ. মানুষ আল্লাহ সুবহানু ওয়াতাআলার আযাবের সামান্যতম খটকাও বরদাশত করতে পারবে না। কিন্তু (তাদের) গাফলত এ পর্যায়ের যে, আযাবের কারণের স্তুপ জড়ো করে যাচ্ছে প্রতিনিয়ত।
উর্দু মাসিক ‘আরমুগান’ থেকে ভাষান্তর: মুহাম্মাদ সাইফুল ইসলাম
















