ইসলাম টাইমস ডেস্ক: পুরো বিশ্ব জুড়েই প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ ভারতেও প্রতিদিন বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ দেশটির অন্যান্য অংশের মতো এখন তেলেঙ্গানা রাজ্যের করোনা চিত্রটাও অত্যন্ত খারাপ ৷ সেখানেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ করোনায় মৃতদের সৎকার করাটাও এখন তীব্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেখানকার পুলিশ-প্রশাসনের ৷
একসঙ্গে এত করোনা রোগীর মৃতদেহ সৎকার করতেই হিমশিম খেতে হচ্ছে ৷ এরই মধ্যে একটি অত্যন্ত সাংঘাতিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে ৫০-এর বেশি করোনায় মৃতদের দেহ পোড়ানো হচ্ছে একসঙ্গে।
জানা গেছে, হায়দ্রাবাদের ইএসআই হাসপাতালের এক জায়গাতেই এভাবে সারি সারি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ তেলেঙ্গনার ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন ডা. কে রমেশ রেড্ডি জানান, মৃতদেহ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না ৷ পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যাও একেবারে নেই বললেই চলে ৷ তাই হাসপাতালের দাহ করার জায়গাতেই একসঙ্গে পোড়ানোর ব্যবস্থা করা হয় মৃতদেহগুলোকে ৷ যদিও প্রত্যেকের মৃত্যু একই দিনে হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷
















