প্রেম করে বিয়ে, যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: বিয়ের আগের অপরিণত ও অপবিত্র প্রেমের কুফল প্রকাশ পেতে বেশী দিন লাগে না। প্রেম করে বিয়ে করেও যৌতুকের দাবিতে প্রেম ভালোবাসা ভুলে যায় নিষ্ঠুর স্বামী- এমন ঘটনা অহরহ ঘটে চলেছে।  মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বন্যা আক্তার (১৫) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বায়রা ইউনিয়নের চর চাড়াভাংগা গ্রামের মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেম করে  ওই যুগল ৭/৮ মাস আগে বাড়ি থেকে পালিয়ে পরিবারের সম্মতি ছাড়াই কোর্টে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এদিকে মেয়ের পরিবার তাদের বিয়ে মেনে নিলেও ছেলের পরিবার মেনে নেয়নি। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ ও অশান্তির সৃষ্টি হয়। মাঝে মধ্যে বন্যার নানা শ্বশুর মানসিক নির্যাতন করতো বলে মেয়ের পরিবার অভিযোগ করেন।

বন্যার মা সুফিয়া বেগমের অভিযোগ, ঈদের আগে বন্যার ননদ সেতু আক্তার বিদেশ থেকে বাড়ি ফেরেন। এসময় বন্যাকে তারা কাজের তোড়ে রাখতো, সময় মত খেতে পর্যন্ত দিত না। স্বামী ও ননদ যৌতুকের জন্য বন্যাকে মানসিক নির্যাতনও করত।

মেয়ে (বন্যা) অসুস্থ হয়েছে বলে তার ননদ সেতু আক্তার ভোরে ফোনে বন্যার বাবাকে জানায়। পরে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায় বন্যার নিথর দেহ মাটিতে পড়ে আছে। তার ঘাড়ে ও পায়ের ওপরে জখমের দাগ দেখে মেয়েকে হত্যা করেছে বলে নিশ্চিত হন বাবা।

এ ঘটনায় বন্যার শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে সিংগাইর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

এ ব্যাপারে সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক অমিত কুমার দে বলেন, ঘটনাস্থল থেকে নিহত নববধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা যাচ্ছে না।

পূর্ববর্তি সংবাদট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে হাঁটবে টিকটক
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের ৫ যাত্রী নিহত