ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিম তীরে জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে মানে না ইতালি। দেশটির আদালত ট্রিবিউনাল ডি রোমার মতে, কেউ তা মানলে আন্তর্জাতিক আইনকে অমান্য করবে। কারণ আন্তর্জাতিক আইন জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না।
মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, সব কিছুর শুরু ইতালির ‘লা এরেদিতা’ নামে এক প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠানকে ঘিরে। অনুষ্ঠানটির সঞ্চালক ফ্ল্যাভিও ইনসিনা গত মে মাসের ২১ তারিখ এক অনুষ্ঠানে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে উল্লেখ করেন। সেদিন অনুষ্ঠানে একজন প্রতিযোগিকে জিজ্ঞাসা করা হয়, ইসরাইলের রাজধানীর নাম কি? উত্তরে তিনি তেল-আবিবের কথা বললে ফ্ল্যাভিও বলেন, এটা ভুল। সেসময় তিনি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে উল্লেখ করেন।
সেই অনুষ্ঠানের পর ফ্ল্যাভিও বেশ সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু নিজের কৃতকার্যের পক্ষে সাফাই গেয়ে ৫ জুন এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ইস্যুতে একেকজনের একেক অভিমত। আমার সঙ্গে অন্যজনের মিলবে, এমন নয়।
আলোচনা সমালোচনা শেষ পর্যন্ত গড়িয়েছে রোম আদালত পর্যন্ত। গত ৫ আগস্ট এ বিষয়ক নির্দেশনা জারি করে আদালত বলেছে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না ইতালি। এটি পরিষ্কার। কারণ ২০১৭ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী বিষয়ক প্রস্তাবনাটি প্রত্যাখায়ন করেছে ইতালি।
আদালত আরো বলে, জাতিসংঘ এই ইস্যুতে সরব অবস্থানে রয়েছে। বেশ কয়েকবার পশ্চিম তীর, ফিলিস্তিন অধ্যুষিত এলাকা এবং পূর্ব জেরুজালেমের সঙ্কট নিয়ে তাদের মতামতও তুলে ধরেছে। ইসরাইলি কার্যক্রমের কঠোর নিন্দাও করেছে তারা। জেরুজালেমকে রাজধানী করার প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে যেতে পারি না। জাতিসংঘের নেওয়া সিদ্ধান্তই আন্তর্জাতিক আইন হিসেবে পরিগণিত।
















