ইসলাম টাইমস ডেস্ক: খোলা এলাকার ডোবা থেকে ঢাকার ধামরাইয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ভাটার খোলা এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে নিহত নবজাতকটির মরদেহ কে বা কারা ডোবায় ফেলে রেখে গেছে তা জানা যায়নি।
পুলিশ জানায়, ওই ডোবার পানিতে কিছু একটা ধোঁয়ার জন্য পানির কাছে যায় এক নারী। এ সময় কচুরিপানার ফাঁকে নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় সবাইকে বিষয়টি জানান তিনি। পরে থানায় খবর দেওয়া হয়। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে কেউ ওই ডোবায় নবজাতকটিকে ফেলে যেতে পারে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এই নবজাতকের মরদেহটি ওই ডোবায় ফেলছে তার খোঁজ পাওয়া যায়নি। তবে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
















