জম্মু কাশ্মিরে একদিনের গেরিলা হামলায় ৪ ভারতীয় সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলাদের জোড়া হামলায় একদিনে দেশটির নিরাপত্তা বাহিনীর ৪ জওয়ান নিহত হয়েছেন।

গতকাল সোমবার বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তল্লাশি দলের উপরে আচমকা গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে এ পর্যন্ত ৪ জওয়ান নিহত হয়েছে।  নিহত জওয়ানদের মধ্যে সেনাবাহিনীর ১, আধাসামরিক বাহিনী সিআরপিএফের ২ এবং পুলিশের এক বিশেষ কর্মকর্তা ‘এসপিও’ রয়েছেন। তবে পাল্টা সংঘর্ষে ২ জন গেরিলা মৃত্যুবরণ করেছেন।

সোমবার সকালে আচমকা ওই গেরিলা হামলায় সিআরপিএফের ১১৯ ব্যাটেলিয়ানের খুরশিদ খান ও শর্মা লবকুশ সুদর্শন নামে ২ জওয়ান গুরুতরভাবে আহত হন এবং পরে তারা মারা যান। দুজনেই বিহার রাজ্যের জাহানাবাদ জেলার বাসিন্দা ছিলেন। একইসঙ্গে জম্মু-কাশ্মির পুলিশের মুজাফফর আলী দার নামে এক কর্মকর্তার মৃত্যু হয়। ওই ঘটনার পরে দিনভর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়। এদিন সন্ধ্যায় পুনরায় গুলিবর্ষণ শুরু হলে ২ জওয়ান আহত হন। এদেরমধ্যে এক জওয়ান প্রাণ হারিয়েছেন।

বারামুল্লার ওই হামলার পরে গেরিলারা কুলগামের নেহমা এলাকায় সিআরপিএফ ক্যাম্পে গুলিবর্ষণ করে। ক্যাম্পের বাইরে এক বাঙ্কারে হামলা চালালে সিআরপিএফের এস সুকুমার নামে এক সহকারী উপ-পরিদর্শক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

জম্মু-কাশ্মির পুলিশের আইজি বিজয় কুমার সোমবার বলেন, ক্রিরি এলাকার চেকপোস্ট পাহারা দিচ্ছিল পুলিশ ও সিআরপিএফের যৌথ দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের ঘন বাগিচা থেকে বেরিয়ে এসে আচমকা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তিন সন্ত্রাসী। এরফলে দুই সিআরপিএফ জওয়ান ও জম্মু-কাশ্মির পুলিশের এক স্পেশাল অফিসার নিহত হন। পার্সটুডে

পূর্ববর্তি সংবাদ‘খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে’
পরবর্তি সংবাদঘুড়ি ওড়ানো নিয়ে বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা