আখাউড়ায় সবজি ক্ষেতে বৃদ্ধের লাশ

ইসলাম টাইমস ডেস্ক: আখাউড়া-আগরতলা সড়কের বাইপাস এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, পৌরশহরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকায় এক ব্যক্তির সবজি ক্ষেত থেকে ওই বৃদ্ধের ঝোলানো মরদেহ আমরা উদ্ধার করি। তার বয়স আনুমানিক ৭০ বছর। নতুন রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

মরদেহে তল্লাশি করে কিছু ওষুধ পাওয়া যায়।

ওসির ধারণা, ওই বৃদ্ধ ব্যথার ওষুধ সেবন করতেন। হয়তো ব্যথা সহ্য করতে না পেরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

তবে ওই ব্যক্তির গলায় রশি দিয়ে ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটিতেই ছিল। এ জন্য এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃদ্ধের মৃত্যুর রহস্য ও পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানান ওসি।

পূর্ববর্তি সংবাদচাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ৩
পরবর্তি সংবাদপঞ্চগড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত