ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণ ও ব্যভিচার প্রতিরোধে সমমনা ইসলামী দলসমূহের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল সমাবেশে বক্তারা বলেন, শুধু ধর্ষণ নয় জেনা-ব্যভিচারের শাস্তিও নিশ্চিত করতে হবে। এবং এসব বন্ধে আইনের সঠিক প্রয়োগের দাবি জানান তারা।
আজ (১৬ অক্টোবর) শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বের হয়ে বিজয়নগর মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় গণমিছিল।
গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, ধর্ষণের উৎসব বন্ধ না করে ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান করা হলেও তা দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধে কুরআন সুন্নাহের আইন প্রণয়ণ করতে হবে। তিনি বলেন, শিক্ষানীতির মধ্যে পরিবর্তন এনে কুরআন সুন্নাহের আলোকে তা সাজাতে হবে। কুরআন সুন্নাহের আইনই সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করবে।
গণমিছিল পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সরকার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বুঝতে ব্যর্থ হলে আমরা বাকা পথে হাটতে বাধ্য হবো। স্বাধীনতার দোহাই দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অপসাংস্কৃতি মেনে নেয়া হবে না ৷
অশ্লীল পোষাকে নারীদেরকে বিজ্ঞাপনের পণ্য বানানো নিয়েও কঠোর প্রতিবাদ জানান তিনি সমাবেশ থেকে।
এছাড়া বর্তমানে ওয়াজ মাহফিলের অনুমতি না দিলেও সিনেমা হল খোলার অনুমতি দেওয়ারও নিন্দা জানান বক্তারা ৷
সমাবেশে বক্তারা আরো বলেন, ধর্মের উপর বা ধর্মীয় বিধানের উপর আঘাত আর মেনে নেয়া হবে না৷ আমাদের সহ্য সীমা অতিক্রম হয়ে গেছে৷ টিভির পর্দায় নোংরা মানসিকতার প্রচার দেখতে চাই না৷
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসিচব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,মাওলানা ফজলুল করীম কাসেমী, খেলাফত মজলিসের যুগ্মমহসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফয়সাল আহমদ।
















