এক ইঞ্চি জমিও কেউ ফেলে রাখবেন না, কিছু লাগিয়ে উৎপাদন বাড়ান: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা এক ইঞ্চি জমিও কেউ ফেলে রাখবেন না। গাছ লাগান, ফল লাগান, তরিতরকারি লাগান…যে যা পারেন কিছু লাগিয়ে নিজের উৎপাদন বাড়ান।’

শুক্রবার (১৬ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে  কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  ‘যখনই করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছে তখনই আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। নিশ্চিত করেছি আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। খাদ্যের নিশ্চয়তা রাখতে হবে। করোনার কারণে যখন সারা বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বাংলাদেশে যেন তার প্রভাব না পড়ে, বাংলাদেশের মানুষ যেন এ ব্যাপারে কোনও কষ্টভোগ না করে সেদিকে লক্ষ রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি।’

দেশের মানুষের সংগ্রাম তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সাহসী এবং তারা যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার মতো ক্ষমতা রাখে। এই করোনার সঙ্গে সঙ্গে ঝড়, বন্যা সবই মোকাবিলা করে যাচ্ছি আমরা। কাজেই এভাবে আমাদের বাঁচতে হবে প্রকৃতির সঙ্গে।

মহামারির মধ্যে সরকার যে প্রণোদনা দিচ্ছে তা জিডিপির চার শতাংশ উল্লেখ করে কৃষকদের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন,  ‘সেক্ষেত্রে আমরা তিন হাজার ২২০ কোটি টাকা বরাদ্দ রেখেছি এবং খুব অল্প মূল্যে যেন তারা কৃষি যান্ত্রিকীকরণ করতে পারে বাকি অর্থ সরকারের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে।’

কৃষি সহায়তার জন্য সরকার ৯ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ করেছে জানিয়ে তিনি বলেন, ‘সেটা আমরা কৃষি সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করি। যাতে কৃষক তাদের উৎপাদনে উৎসাহ না হারায়, তারা যেন উৎপাদন করতে পারেন।’

পূর্ববর্তি সংবাদশুধু ধর্ষণ নয়, ব্যভিচারের শাস্তিও নিশ্চিত করতে হবে: সমমনা ইসলামী দলের নেতৃবৃন্দ
পরবর্তি সংবাদদাফন করার সময় হঠাৎ কেঁদে উঠল নবজাতক!