ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান কনস্যুলেটে ভীড়ের চাপে পদদলিত হয়ে ভিসা প্রার্থী ১১ নারীসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা।
মঙ্গলবার দেশটির জালালাবাদ শহরে পাকিস্তান কনস্যুলেটের সামনে হাজার হাজার মানুষের ধাক্কাধাক্কির মধ্যে এ ঘটনা ঘটে বলে আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনার একদিন পর বুধবার দুই জন প্রাদেশিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কনস্যুলেটের বাইরে একটি খেলার মাঠে আনুমানিক তিন হাজার লোক জড়ো হয়েছিল, ভিসার আবেদন জানাতে প্রয়োজনীয় টোকেন সংগ্রহের জন্য অপেক্ষা করছিল তারা।
জালালাবাদের একজন কর্মকর্তা বলেন, “কনস্যুলেটের কর্মকর্তাদের কাছ থেকে টোকেন নেয়ার জন্য ভিসাপ্রার্থীরা ধাক্কাধাক্কি শুরু করে, তারা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।”
এখানে নিহতদের মধ্যে ১১ জন নারী এবং আহত এক ডজনেরও বেশি লোকের মধ্যে বেশ কয়েকজন বয়স্ক লোক রয়েছে বলে জানিয়েছেন নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি।
ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য কাবুলের পাকিস্তান দূতাবাসে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।
কনস্যুলেটের সামনে ভিড় এড়াতে ভিসা অফিস থেকে পাশের একটি ফুটবল মাঠে যেতে বলা হয় সবাইকে। করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর এদিনই ভিসা অফিস খোলা হয়।
এদিন সকাল থেকে শত শত মানুষ ভিসার জন্য জড়ো হতে থাকেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান দূতাবাসের কোনো কর্মকর্তার মন্তব্য জানতে পারেনি আল-জাজিরা।
রয়টার্স জানিয়েছে, প্রতি বছর চিকিৎসা, শিক্ষা ও কাজ খুঁজতে হাজার হাজার আফগান নাগরিক প্রতিবেশী পাকিস্তানে যায়। পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী ও অভিবাসী অবস্থান করছে। নিজেদের যুধ্ববিধ্বস্ত দেশে বিরাজমান সহিংসতা ও দারিদ্র থেকে বাঁচতে তারা প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেয়।
দেশ দুটির মধ্যে দুই হাজার ৬০০ কিলোমিটার যৌথ সীমান্ত আছে।
















