শাহবাগে শ’খানেক বামপন্থীর অবরোধ, তীব্র যানজটে ভুগছে নগরবাসী

ইসলাম টাইমস ডেস্ক: দেশে ধর্ষণ-নিপীড়ন বন্ধের দাবিতে রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা শাহবাগ মোড় অবরোধ করেছেন বামপন্থী দলগুলোর শ’খানেক নেতা-কর্মী।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তৈরি হয়েছে তীব্র যানজট।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে বাম ধারার সংগঠনগুলোর এই কর্মসূচি চলছে। ৯ দফা দাবির মধ্যে আছে গত শনিবার দুপুরে ফেনীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং পাহাড়-সমতলে অব্যাহত নারী ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ।

সমাবেশ শেষে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাঁটাবন মোড় ঘুরে এসে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন বামপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে এখন তাঁরা সেখানে বিক্ষোভ সমাবেশ করছেন।

সমাবেশের ফাঁকে ফাঁকে বর্তমান সরকারের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ ও ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা।

শাহবাগ মোড় অবরোধ করে চলা সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, ‘বিচার না হওয়ার কারণেই দেশে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে। আওয়ামী ফ্যাসিবাদের নিজের প্রয়োজনে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই দেশজুড়ে লাঠিয়াল বাহিনী পুষছে। ধর্ষণ কোনো অরাজনৈতিক ঘটনা নয়। ধর্ষকের কোনো দল নেই—এটা মিথ্যাচার।’

সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পুলিশ বাহিনী ‘পুলিশ লীগে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে ভিসার আবেদন করতে ভীড়, পদদলিত হয়ে নিহত ১৫
পরবর্তি সংবাদকরোনা: একদিনে সুস্থ ১ হাজার ৭০৪ জন, মৃত্যু ২৪