ইসলাম টাইমস ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১০ জন । এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৩ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৮৬১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৯ জন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
















