মারা গেছেন মুসলিম-দরদী ব্রিটিশ প্রতিবেদক রবার্ট ফিস্ক

ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক (৭৪) মারা গেছেন। রবার্ট ফিস্ক মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানে মুসলমানদের নানান সংকট এবং নির্যাতনের দিকগুলো অত্যন্ত যত্নভরে তুলে ধরতেন। জানা গেছে জীবনের ঝুঁকি নিয়ে এসব তথ্য সংগ্রহ করে নির্যাতিত মুসলমানদের পক্ষে আবেগ নিয়ে উপস্থাপন করতেন রবার্ট ফিস্ক। সেজন্য ব্রিটিশ এই সাংবাদিক বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন।

শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ভিনসেন্ট হাসপাতালে ওই সাংবাদিককে ভর্তি করা হয়, পরে তিনি মারা যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন রবার্ট ফিস্ক। স্ট্রোক করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউইয়র্ক টাইমস রবার্ট ফিস্ককে ব্রিটেনের পররাষ্ট্র নীতি বিষয়ক সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক হিসেবে আখ্যা দেয় ২০১৫ সালে। সাংবাদিকতা জীবনে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের জন্য বেশ কিছু সম্মানজনক পুরষ্কার পেয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করার জেরে তাকে নিয়ে বিতর্কও হয়েছে। ১৯৯০ এর দশকে তিনি আল কায়েদার তৎকালীন নেতা ওসামা বিন লাদেনের তিনবার সাক্ষাৎকার নিয়েছেন। ১৯৯৩ সালের প্রথম সাক্ষাতকারে তিনি  ওসামা বিন লাদেনকে লাজুক ব্যক্তি হিসেবে উল্লেখ করেছিলেন।

সূত্র:  ইনডিপেন্ডেন্টে

-এনটি

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯৬১ রোগী সুস্থ, মৃত্যু ২৫ জনের
পরবর্তি সংবাদফরাসি দূতাবাস ঘেরাও মিছিলে যা বললেন হেফাজত নেতৃবৃন্দ