ইসলাম টাইমস ডেস্ক: হঠাৎ আগুনের রাজনীতির সূত্রপাত ঘটল রাজধানীতে। মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে ঢাকার বিভিন্ন স্থানে নয়টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ৩টার মধ্যে এসব ঘটনা ঘটে। এতে পুরো রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, রাস্তায় কমে যায় যান চলাচল। বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ককটেল। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে নয়টি ঘটনার ব্যাপারে ঢাকার বিভিন্ন থানায় অগ্নিসংযোগে এবং নাশকতার অভিযোগে মামলা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার ঢাকায় জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নগরীতে একের পর এক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেছেন, এই ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
“আজকে ঢাকা শহরে একটা নির্বাচন আছে, সেটার সাথে এটার সম্পর্ক থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। সেরকম কিছু তথ্য প্রমাণ আমরা পাচ্ছি। একটা দু’টা ঘটনা ঘটলে আমরা মনে করতাম অন্যকিছু। কিন্তু ধারাবাহিকভাবে যেহেতু আট নয়টা গড়িতে ঘটনা ঘটেছে, সুতরাং এটা পেছনে অবশ্যই সংঘবদ্ধ কোন গ্রুপের হাত আছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার সম্ভবনাও বেশি।”
তিনি বলেছেন, তারা ভিডিও ফুটেজ পেয়েছেন। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুতই দায়ী ব্যক্তিদের শনাক্ত করা যাবে বলে মি. ইসলাম জানিয়েছেন।
পুলিশ পল্টন ও বিএনপি কার্যালয় এলাকা থেকে সন্দেহভাজন নয়জন এবং উত্তরা থেকে একজনকে আটক করার কথা জানিয়েছে।
শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা, বিজয়নগরের নাইটএঙ্গেল মোড় এবং অন্যদিকে ভাটারার প্রগতিসরনীসহ ঢাকার বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ঘটেছে আকস্মিকভাবে দুপুর থেকে বিকেল পর্যন্ত।
আজকের ঘটনা আকস্মিক হলেও এর পেছনে পূর্বপরিকল্পনা ছিল বলে পুলিশ কর্মকর্তারা বলেছেন।
এদিকে বাসে অগ্নিসংযোগের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় দলের ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমানসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘আগুনের ঘটনার বিষয়ে আমরা কিছুই জানি না। কারা এসব ঘটনা ঘটিয়েছে তা আইনপ্রয়োগকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আশা করছি।’
পুলিশ বলছে, তুরাগে বাসে আগুন দেওয়ার সময় আটক সোহেল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, সুমন নামে এক বিএনপিকর্মী তাকে নির্বাচনের কেন্দ্রে ককটেল নিক্ষেপ করতে বলে। সে অনুযায়ী সে ২০০ টাকা অগ্রিম নিয়ে কামারপাড়া এসে পরামর্শ করে ককটেল নিক্ষেপের সময় পুলিশ তাকে ধরে ফেলে। সোহেল বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত।
ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় এসব বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বেশিরভাগ গাড়ির অধিকাংশ পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মোবাইল টিম এবং সিনিয়র অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, অগ্নিকাণ্ডের প্রথম সংবাদ আসে দুপুর ১২টা ৩৫ মিনিটে। আর দুপুর ২টা ২৮ মিনিটে নয়াবাজারে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের শেষ খবর পেয়েছি। প্রথম আগুনের ঘটনা ঘটে শাহজাহানপুরে একটি বাসে। এরপর কাঁটাবন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছে, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকা, বংশালের নয়াবাজার, প্রেস ক্লাবে ও ভাটারার কাছে বাসে আগুন দেওয়া হয়। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। এর মধ্যে কাঁটাবনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে কাঁটাবনের ঘটনার প্রত্যক্ষদর্শী রবিন হাওলাদার বলেন, দুপুর দেড়টার দিকে বাসটি যানজটের কারণে গতি কমাচ্ছিল। তখনই পেছন দিক থেকে ধোঁয়া ওঠা শুরু হয়। বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়েন। মার্কেটের ওপর থেকে পানি ঢালা হয়। মার্কেট থেকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুনে প্রায় পুরো বাসই পুড়ে গেছে। পরে পুলিশ এসে রেকার দিয়ে গাড়িটি নিয়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তারা দেখেননি। গাড়িটি ছিল দেওয়ান পরিবহনের।
দেওয়ান পরিবহনের বাসটির চালক মো. রায়হান জানান, আমার ৪০ সিটের গাড়িতে ১২-১৩ জন যাত্রী ছিলেন। ২টার দিকে কাঁটাবন সিগন্যালটা পার হওয়ার পরই হঠাৎ আমার গাড়ির পেছন দিকটায় আগুন দেখতে পাই। তবে পেছনের সিটগুলো পুরো খালি ছিল। আগুন দেখে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর আমিও দ্রুত নেমে যাই। তিন মিনিটের মধ্যে পুরো গাড়িটা পুড়ে যায়। দেওয়ান পরিবহনের বাসটির মালিক আবদুর রহমান জানান, তার দুটি বাস আছে। এর মধ্যে পুড়ে যাওয়া গাড়িটির বয়স মাত্র দুই মাস। পুড়ে সব শেষ হয়ে গেল। বাদশা নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, জাতীয় প্রেস ক্লাবের সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন ধরে গেলে যাত্রীরা তড়িঘড়ি করে নেমে যান। কে বা কারা কীভাবে আগুন দিয়েছে, তাৎক্ষণিক বোঝা যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কাঁটাবন ও প্রেস ক্লাব এলাকায় এ দুটি বাসে আগুন দিয়েছে। কেউ হতাহত হননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে বেশ কয়েকজন দুর্বৃত্তকে শনাক্ত করা গেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
গতকাল দুপুর পৌনে ২টার দিকে পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, গুলিস্তানে রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রীবোঝাই ছিল।
পুলিশের মতিঝিল ডিভিশনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানান, মতিঝিল ও পল্টনে মোট চারটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। এর মধ্যে একটি ভ্যাট/ট্যাক্স অফিসের স্টাফ বাস, একটি অগ্রণী ব্যাংকের স্টাফ বাস ছিল। আর পল্টনে একটি পাবলিক বাস ও আরেকটি বিআরটিসির গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা সন্দেহভাজন হিসেবে কয়েজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। হঠাৎ করে কারা কেন বাসে আগুন দিল, আমরা তার কারণ ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনে চলমান উপনির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মামলারও প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশের রমনা ডিভিশনের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে একযোগে বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।’
লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, তার এলাকার মধ্যে বংশালে দুপুর আড়াইটার দিকে দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে কারা আগুন দিয়েছে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঢাকা-১৮ আসনে সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কোনোপক্ষ নাশকতার উদ্দেশ্যে একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে বলে তারা ধারণা করছেন। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি ও টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
এম এস আই
















