ইসলাম টাইমস ডেস্ক: ৭ দিনের রিমান্ডে থাকা রায়হান হত্যার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত এসআই আকরব হোসেন ভুইয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাশেষে পুনরায় তাকে নিয়ে যায় মামলার তদন্তকারী সংস্থা (পিবিআই)। পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থতা বোধ করলে আকবরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষা করিয়ে আবারও তাকে পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।”
এর আগে গত ৯ নভেম্বর কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে জেলা পুলিশের একটি দল আকবরকে গ্রেফতার করে বলে পুলিশ দাবি করে। পরদিন ১০ নভেম্বর আকবরকে ৭ দিনের রিমান্ডে নেয় পিবিআই।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে জানায় তাঁর পরিবার। পরদিন রবিবার সকালে তিনি মারা যান।
রবিবার রাতে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখের তত্বাবধানে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এ ঘটনায় ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। তাকে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগে ২১ অক্টোবর ফাঁড়ির আরেক এসআই হাসানকেও সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে গত ১৩ অক্টোবর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
-আরএম
















