মারা গেছেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

ইসলাম টাইমস ডেস্ক: শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে গত ৫ নভেম্বর থেকে ওই সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার নাতি উদয় শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কিডনি, ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তি সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

-আরএম

পূর্ববর্তি সংবাদদূর্নীতিতে আবারও রেড জোনে বাংলাদেশ
পরবর্তি সংবাদহবিগঞ্জে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা