ইসলাম টাইমস ডেস্ক: ফেসবুক ডটকম ডট বিডি নামে ডোমেইন নিবন্ধন করার অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান এ–ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এস কে শামসুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছে ফেসবুক। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করা হয়।
আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আজিজুর রহমান বলেন, ফেসবুকের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে।
মামলার কাগজপত্র এবং ফেসবুকের আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করায়। তবে ২০১০ সালে ফেসবুড ডটকম ডট বিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম।
ফেসবুক ডটকম ডট বিডি নামের এই ডোমেন যাতে বিবাদীরা হস্তান্তর করতে না পারেন, সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে ফেসবুক।
ইজে
















