ইসলাম টাইমস ডেস্ক: আগামী মাসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তুতি হিসেবে ২৯ নভেম্বর অনুষ্ঠেয় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে। ভারতীয় প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করায় তা স্থগিত হয়ে গেছে।
এ বছর ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকের কথা ছিল এবং বাংলাদেশ প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু বুধবার (২৫ নভেম্বর) এক চিঠির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে আসার বিষয়ে অপারগতা জানায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে এ বিষয়ে বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের অনিবার্য সমস্যার কারণে বৈঠকটি হচ্ছে না।’
১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা কম। তবে আমাদের মধ্যে সব সময়ে যোগাযোগ আছে।’
ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য সব বিষয় নিয়ে যোগাযোগ অব্যাহত আছে।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ভার্চ্যুয়াল বৈঠকের কর্মসূচি চূড়ান্ত করতে ডিসেম্বরের শুরুতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ তার করোনা ধরা পড়ায় আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ঢাকার তরফে তার পূর্ব নির্ধারিত দিল্লি সফর বাতিল করা হয়েছে।
-আরএম
















