ইসলাম টাইমস ডেস্ক: ইরানের শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
এই অপরাধের পেছনে যারাই থাকুক তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি পরমাণুবিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তেহরানে ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার ও নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্যধারণের আহবান জানাবো যাতে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে।
ইরানের রাজধানী তেহরানের কাছে শুক্রবার প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষক মোহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় খুন হন।
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ হত্যাকাণ্ডে ইসরাইলের গোয়েন্দারা জড়িত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রথম থেকেই এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে জোরালো দাবি করে আসছেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।
এদিকে সিরিয়া ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসও ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ ও হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে টেলিফোন করে এ নিন্দা জানান।

আলাদা আলাদা টেলিফোনালাপে মিকদাদ ও হানিয়া ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যার ঘটনায় ইরানের সরকার ও জনগণকে সিরিয়া ও ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
এর আগে ফাখরিজাদে হত্যার নিন্দা জানাতে মোহাম্মাদ জাওয়াদ জারিফকে টেলিফোন করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন। তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদে’কে বহনকারী গাড়িতে হামলা চালায়।
ইরানের এই শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভেনিজুয়েলা ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীরাও ফাখরিজাদে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমেরিকার সবুজ সংকেত নিয়ে সীমান্ত অতিক্রমী এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
এম এস আই
















